সখিপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি
আল আমীন সরদার
ভেদেরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ
শরীয়তপুর জেলার সখিপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাতের আঁধারে তাদের বাড়িতে গিয়ে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।
একজন সাংবাদিকের পক্ষ থেকে শরীয়তপুরের পুলিশ সুপার বরাবর বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, পুলিশ ও সাংবাদিক একে অপরের প্রতিপক্ষ নয়; বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তারা পরস্পরের সহযোগী। কোনো সাংবাদিক অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হতে পারে। তবে মধ্যরাতে দলবল নিয়ে বাড়িতে গিয়ে পরিবার-পরিজনকে হয়রানি করা অনভিপ্রেত ও অমানবিক।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সখিপুরে কর্মরত সকল সাংবাদিক কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। বিচ্ছিন্ন কোনো অভিযোগের দায় সমগ্র সাংবাদিক সমাজের ওপর চাপানো ঠিক নয়। এ ধরনের পদক্ষেপে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সমাজ আশা প্রকাশ করেছে, পুলিশের পক্ষ থেকে অতিউৎসাহী কর্মকাণ্ড পরিহার করে বিষয়টি মানবিক ও আইনসম্মতভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং অপ্রয়োজনীয় হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
