রমজানকে সামনে রেখে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মোঃ ফরিদ হোসেন: গাজীপুর
গাজীপুর কালীগঞ্জে ১৭ ফেব্রুয়ারি ২০২৬: রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় তিনটি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেশি মূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স নবায়ন না থাকায় এক ব্যবসায়ীকে স্থানীয় সরকার আইনে জরিমানা করা হয়।
মোট চারটি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হলেও কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানে রাষ্ট্রের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করা হয় এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
