উদ্বোধনের তৃতীয় দিনেই তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেতুটি উদ্ধোনের পর এটিই প্রথম দুর্ঘটনা। সেতুটি চালু হওয়ার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
চিলমারী থানার ওসি আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
